রাজ্যে হকার পুনর্বাসনে স্ট্রিট ফুড হাব ও ই-কার্টের পরিকল্পনা সরকারের

রাজ্যে হকার পুনর্বাসনে স্ট্রিট ফুড হাব ও ই-কার্টের পরিকল্পনা সরকারের

রাজ্যে হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকা সুরক্ষিত করতে স্ট্রিট ফুড হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই হাবগুলি গড়ে তোলা হবে। প্রতিটি হাব তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানা গেছে।

এই স্ট্রিট ফুড হাবগুলির মাধ্যমে জনপ্রিয় বিক্রেতাদের এক ছাতার তলায় নিয়ে আসা হবে, যাতে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন। পাশাপাশি, হকারদের জন্য ই-কার্ট ব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে। বিক্রেতাদের পেশা ও প্রয়োজন অনুযায়ী এই কার্টগুলি কাস্টমাইজ করা হবে। কার্টের উপরে সোলার প্যানেল থাকবে, যা থেকে প্রাপ্ত সৌরশক্তি ব্যবহার করে ইন্ডাকশনে রান্নার সুবিধাও পাওয়া যাবে।

পুনর্বাসনের ক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটির তালিকা এবং সরকারি পোর্টালে নথিভুক্ত হকারদের অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী জানিয়েছেন, হকারদের জীবিকা রক্ষার পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রয়োজনে হকারদের স্বনিধি প্রকল্পের সুবিধা ও বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। শহরের খাবারের সংস্কৃতিকে আরও সংগঠিত করা এবং হকারদের কর্মসংস্থান সুরক্ষিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *