কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে আড়াই লক্ষ ডলার পুরস্কার

কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গ্রেপ্তারের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করেছে কানাডা প্রশাসন। দেশটির ২৫ জন শীর্ষ পলাতক অপরাধীর তালিকায় ব্রারকে এক নম্বরে রাখা হয়েছে। কানাডার জননিরাপত্তা বিষয়ক সংস্থা ‘বোলো প্রোগ্রাম’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুষ্কৃতির সন্ধান দিতে পারলে ২ লক্ষ ৫০ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার দেওয়া হবে। পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করা এই সংস্থাটি পলাতক অপরাধীদের পাকড়াও করার লক্ষ্যে এই বিশেষ পদক্ষেপ নিয়েছে।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কানাডার উইনিপেগে সুখদুল সিং গিলকে গুলি করে হত্যার ঘটনায় গোল্ডি ব্রারের নাম উঠে আসে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ম্যানিটোবা জাস্টিসের তদন্তে এই হত্যাকাণ্ডে ব্রার ও করণবীর সিংয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এরপর ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে অভিযুক্তরা এখনও পলাতক বলেই জানিয়েছে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তাদের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় ব্রারের নাম অন্তর্ভুক্ত করেছে। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য ব্রার উত্তর আমেরিকায় সুপারি কিলিং, তোলাবাজি ও মাদক পাচারের মতো অপরাধের সঙ্গে যুক্ত। ভারতেও একাধিক ফৌজদারি মামলায় তাঁর খোঁজ চলছে। বর্তমানে আমেরিকা ও কানাডা—উভয় দেশেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
