শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার রাতের মধ্যেই এটি ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে আরও দুর্বল হয়ে পড়বে। তবে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট প্রভাবে শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতাতেও শনিবার সকাল থেকে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কমে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রবিবার ও সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার উন্নতি হবে এবং মঙ্গলবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
