ইলিনয়ের অ্যালগনকুইন বাঁধে সাইবার হামলার চেষ্টা, তদন্তে কেন্দ্রীয় সংস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধে সাইবার হামলার একটি প্রচেষ্টা চালানো হয়েছে। বাঁধের কর্মীরা দ্রুত তৎপর হওয়ায় অননুমোদিত অ্যাক্সেস ব্লক করা সম্ভব হয়েছে। বর্তমানে বাঁধটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে ইলিনয় স্টেট পুলিশ, ইলিনয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, ইলিনয় ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (CISA) যৌথভাবে কাজ করছে। তবে ঠিক কোন প্রযুক্তিগত ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তের স্বার্থে সাইবার হামলার উৎস সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা। ইলিনয় ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস জানিয়েছে, এই ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সাম্প্রতিক সাইবার হামলার সঙ্গে যুক্ত করার মতো কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, অ্যালগনকুইন বাঁধটি উত্তর-পূর্ব ইলিনয়ের জল-নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো। বন্যা ব্যবস্থাপনা ও জলর স্তর নিয়ন্ত্রণে এই বাঁধটি বিশেষ ভূমিকা পালন করে। স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে বাঁধটির অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
