কম বয়সেই ডায়াবেটিসের ঝুঁকি, শরীরে দেখা দিতে পারে এই ৬টি লক্ষণ

বর্তমান সময়ে কম বয়সেও প্রি-ডায়াবেটিসের সমস্যা বাড়ছে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা পুরোপুরি ডায়াবেটিস পর্যায়ে পৌঁছায় না। এই পর্যায়ে জীবনযাত্রায় পরিবর্তন আনলে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসক উৎসব দাসের মতে, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত খিদে পাওয়া এবং বারবার জল খাওয়ার ইচ্ছা প্রি-ডায়াবেটিসের অন্যতম প্রধান লক্ষণ। মানসিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাস এই সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
শরীরের কোষগুলো ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে না পারায় পর্যাপ্ত শক্তি তৈরি হয় না, যার ফলে সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে। পর্যাপ্ত ঘুমের পরেও অবসাদ না কাটলে সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া ঘাড়ের পেছনে, বগলের নিচে বা হাঁটুর আশপাশে ত্বকে কালচে দাগ দেখা দেওয়া ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হতে পারে, যাকে চিকিৎসা পরিভাষায় অ্যাকানথোসিস নিগ্রিকানস বলা হয়।
রক্তে শর্করার মাত্রা বাড়লে চোখের রক্তনালিতে প্রভাব পড়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। পাশাপাশি ছোটখাটো ক্ষত বা আঁচড় সারতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগলে তা রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যার ইঙ্গিত দেয়। মিষ্টি খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষাও প্রি-ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি। নিয়মিত শরীরচর্চা ও সুশৃঙ্খল জীবনযাপন এই ঝুঁকি কমাতে সাহায্য করে।
