ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্র খুঁজছে এনআইএ

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্র খুঁজছে এনআইএ

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওমানি কো-পাইলট হামাম-আল হাম্মামি ধারালো অস্ত্র নিয়ে পাইলটের ওপর আক্রমণ করেন এবং বিমানটি ছিনতাইয়ের চেষ্টা চালান। মাঝ-আকাশে ককপিটের ভেতরে ধস্তাধস্তির পর যাত্রী ও বিমানকর্মীদের তৎপরতায় পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়। তদন্তকারীদের ধারণা, পাইলটকে সরিয়ে বিমানটি নিয়ে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা ছিল হামলাকারীর।

এই ঘটনার নেপথ্যে কোনো ভারতীয় যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এনআইএ। সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাকেশ অগ্রবাল জানিয়েছেন, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরশাহির কাছে তদন্তের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ঘটনার মূল তদন্ত আমিরশাহি প্রশাসন করছে, তবে ভারত তাদের কাছ থেকে নির্দিষ্ট কিছু নথিপত্র চেয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আগ্রহ প্রকাশ করেছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত কো-পাইলট অস্ট্রেলিয়া ও ব্রিটেনে পড়াশোনা করেছিলেন। তিনি বিদেশে থাকাকালীন কাদের সংস্পর্শে এসেছিলেন এবং তাঁর পরিচিতদের মধ্যে কোনো ভারতীয় ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। ওমানি পাইলটের সঙ্গে ভারতীয় কোনো যোগসূত্র পাওয়া গেলে তা থেকে ভারতের নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কি না, সেটিই এখন এনআইএ-র মূল লক্ষ্য। গত অক্টোবরেই এই ঘটনায় হাইজ্যাকিং-সহ একাধিক ধারায় এফআইআর রুজু করেছে এনআইএ এবং বর্তমানে আমিরশাহির উত্তরের অপেক্ষায় রয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *