প্রাক্তন প্রেমিককে ভয় দেখাতে চ্যাটজিপিটির সাহায্য, হায়দরাবাদে তরুণীর বিরুদ্ধে মামলা

প্রাক্তন প্রেমিককে ভয় দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি ব্যবহার করে পুলিশের ভুয়ো নোটিশ তৈরির অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। হায়দরাবাদ পুলিশের বিশেষ শাখা ‘শি টিমস’-এর নাম ব্যবহার করে এই জাল নথি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২৪ বছর বয়সি এক বিশ্ববিদ্যালয় ছাত্রী এবং তাঁর এক বন্ধুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত হয় যখন কুকাতপল্লির বাসিন্দা ভি তিরুনেশ্বর নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি নোটিশ পান। তেলঙ্গানা পুলিশের ‘শি টিমস’-এর নামে পাঠানো ওই নোটিশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। নোটিশটি আসল ভেবে তিরুনেশ্বর দপ্তরে হাজির হলে আধিকারিকরা পরীক্ষা করে বুঝতে পারেন যে সেটি সম্পূর্ণ ভুয়ো।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিরুনেশ্বরের প্রাক্তন প্রেমিকা চ্যাটজিপিটির সাহায্য নিয়ে এই জাল নথিটি তৈরি করেছিলেন। সইফাবাদ ডিভিশনের ইন্সপেক্টর এন রাজেন্দর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের মুখে ওই তরুণী নিজের দোষ স্বীকার করেছেন। প্রাক্তন প্রেমিককে ভয় দেখানোর উদ্দেশ্যেই তিনি এই পথ বেছে নিয়েছিলেন।
গত ১৭ নভেম্বর ‘শি টিমস’-এর সাব-ইন্সপেক্টর জি ভেঙ্কটেশ সইফাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(সি) ও ৬৬(ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
