ওড়িশায় স্বামীকে খুনের ছক: মঙ্গলসূত্র বন্ধক রেখে পিস্তল কিনেছিল স্ত্রী

ওড়িশার সুবর্ণপুরে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী কবিতা নাগসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কবিতার প্রেমিক ত্রিলোচন বাগ এবং যুবরাজ সাহুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সুদাম নাগকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্তরা। খুনের জন্য প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র কেনার অর্থ জোগাড় করতে কবিতা নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে ৪৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকা দিয়েই রাউরকেলার এক ব্যক্তির কাছ থেকে দেশি পিস্তল ও গোলাবারুদ কেনা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে পেশায় ওয়েল্ডার সুদাম মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তাকে অনুসরণ করছিল। যুবরাজ সাহু সুদামের গতিবিধির ওপর নজর রেখে কবিতাকে তথ্য দিচ্ছিল, যা তিনি ত্রিলোচনকে জানাচ্ছিলেন। সালেপালি-আইনলাসারি সড়কের কাছে ত্রিলোচন সুদামকে আটকে গুলি চালায়। প্রথমে পায়ে গুলি লাগার পর সুদাম পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে আরও গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর কবিতা নিজেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে তদন্তে নেমে পুলিশ প্রযুক্তিগত প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রের পর্দাফাঁস করে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি দেশি পিস্তল, চারটি খালি কার্তুজ, দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
