বাংলাদেশের সাত জেলায় মোতায়েন বিজিবি, নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারি

বাংলাদেশের সাত জেলায় মোতায়েন বিজিবি, নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারি

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-সহ সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৬ প্লাটুন সরাসরি বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এবং ৪ প্লাটুন রিজার্ভ রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন, ঢাকায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ প্রযুক্তি-নির্ভর মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা এবং আধুনিক নজরদারি সরঞ্জামের মাধ্যমে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিজিবি জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি তাদের সদস্যরা আন্তর্জাতিক সীমান্তেও নিয়মিত দায়িত্ব পালন করছেন। নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *