প্রাক্তন প্রেমিককে ফাঁসাতে চ্যাটজিপিটির সাহায্য, তরুণীর বিরুদ্ধে মামলা

প্রাক্তন প্রেমিককে ফাঁসাতে চ্যাটজিপিটির সাহায্য, তরুণীর বিরুদ্ধে মামলা

তেলঙ্গানার কুকাতপল্লির বাসিন্দা ভি তিরুনেশ্বর নামে এক বেসরকারি সংস্থার কর্মীর কাছে হোয়াটসঅ্যাপে একটি নোটিশ আসে। তেলঙ্গানা পুলিশের ‘শি টিমস’-এর নামে আসা ওই নোটিশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। নোটিশটি আসল ভেবে তিরুনেশ্বর নির্ধারিত সময়ে দপ্তরে পৌঁছালে আধিকারিকরা নথিটি পরীক্ষা করে সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে শনাক্ত করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিরুনেশ্বরের প্রাক্তন প্রেমিকা চ্যাটজিপিটি ব্যবহার করে ওই জাল নোটিশটি তৈরি করেছিলেন। এরপর এক পরিচিত বন্ধুর মাধ্যমে সেটি তিরুনেশ্বরের কাছে পাঠানো হয়। প্রাক্তন প্রেমিককে ভয় দেখানোর উদ্দেশ্যেই তরুণী এই কাজ করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সইফাবাদ ডিভিশনের ইন্সপেক্টর এন রাজেন্দর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় তরুণী নিজের দোষ স্বীকার করেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর ‘শি টিমস’-এর সাব-ইন্সপেক্টর জি ভেঙ্কটেশ সইফাবাদ থানায় ওই তরুণী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২০৪, ৩১৯(২), ৩৩৬(৩) ও ৩৪০(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(সি) ও ৬৬(ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *