সালানপুরে যুবক খুনের ঘটনায় আরও এক গ্রেফতার, ভাইরাল ভিডিয়ো থেকে মিলল সূত্র

সালানপুরে যুবক খুনের ঘটনায় আরও এক গ্রেফতার, ভাইরাল ভিডিয়ো থেকে মিলল সূত্র

পশ্চিম বর্ধমানের সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনি এলাকায় অশোক কুমার সিং ওরফে ভিকি খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় ভিকিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিবাদের সূত্রপাত হয় এবং সেই আক্রোশ থেকেই এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ওই মহিলার স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

তদন্ত চলাকালীন সোশ্যাল মিডিয়ায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে এক যুবক ক্রমাগত আঘাত করছে। আক্রান্ত ব্যক্তি ভিকি বলেই শনাক্ত করা হয়েছে। ওই ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ জোড়বাড়ি এলাকার বাসিন্দা সুরজ প্রসাদকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিয়োর ওই যুবক সুরজ কি না, তা ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হবে এবং সেই প্রমাণ আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিকি আগে রূপনারায়ণপুরে থাকলেও সপরিবারে বাইরে থাকতেন। তবে বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় রাখতে তিনি নিয়মিত ওই এলাকায় আসতেন। এই ঘটনায় সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে আরও দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। ভিকির পিসি থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনায় সুরজের ভূমিকা ঠিক কতটা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *