মেদিনীপুরের কলেজে নেশামুক্তির বার্তা, খেলাধুলার মাধ্যমে সচেতনতা প্রচার

মেদিনীপুরের কলেজে নেশামুক্তির বার্তা, খেলাধুলার মাধ্যমে সচেতনতা প্রচার

মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে কলেজের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা এবং তাদের সুস্থ জীবনযাত্রায় উদ্বুদ্ধ করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষক ও ছাত্রীরা নেশামুক্ত থাকার শপথ গ্রহণ করেন। মাদকাসক্তির ভয়াবহতা এবং তরুণ প্রজন্মের ওপর এর কুপ্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অধ্যাপক ও এনএসএস কর্মকর্তারা। বক্তারা জানান, কৌতূহল বা সাময়িক হতাশা থেকে অনেকেই নেশার পথে পা বাড়ায়, যা শেষ পর্যন্ত জীবনের বড় ক্ষতি ডেকে আনে। তাই সুস্থ ও উন্নত ভারত গড়তে যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

সচেতনতা প্রচারের পাশাপাশি ছাত্রীদের নিয়ে ব্যাডমিন্টন ও কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় ১৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোড়াই এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, সুস্থ শরীর ও মন ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। তাই নেশার প্রবণতা রুখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *