স্পাইসজেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ডিজিসিএ-র, পাঠানো হলো শো-কজ নোটিস

স্পাইসজেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ডিজিসিএ-র, পাঠানো হলো শো-কজ নোটিস

বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের অপারেশনাল পারফরম্যান্স এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। গত ১৭ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থার তরফে স্পাইসজেটকে একটি শো-কজ নোটিস পাঠানো হয়েছে। এই নোটিসের জবাব দেওয়ার জন্য সংস্থাকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংস্থার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

ডিজিসিএ-র অভিযোগ, স্পাইসজেটের পরিষেবার মান ক্রমাগত নিম্নমুখী। শীতকালীন সূচিতে প্রতিদিন ৬৬টি উড়ান চালানোর অনুমতি থাকলেও সংস্থাটি বর্তমানে মাত্র ১৫টি উড়ান পরিচালনা করছে। অথচ, পুরো সূচি মেনেই টিকিট বুকিং নেওয়া হচ্ছে, যার ফলে শেষ মুহূর্তে উড়ান বাতিল হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া, সংস্থার অধিকাংশ বিমান বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে এবং সেগুলিকে পুনরায় পরিষেবায় ফেরানোর কোনো নির্ভরযোগ্য পরিকল্পনাও কর্তৃপক্ষের কাছে নেই।

আর্থিক সংকটের জেরে স্পাইসজেটের বাজার অংশীদারিত্বও ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে সংস্থার মার্কেট শেয়ার ৩.৯ শতাংশ থাকলেও, সেপ্টেম্বর মাসে তা কমে মাত্র ০.৬ শতাংশে নেমে এসেছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও, যেখানে সংস্থার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি, বাধ্যতামূলক বিমা কভার পুনর্নবীকরণ এবং বকেয়া জরিমানা পরিশোধের মতো বিষয় নিয়েও সংস্থাটির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিজিসিএ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *