ফের সাইবার হামলার কবলে এফবিআই, নিশানায় অপরাধীদের তথ্যভাণ্ডার

ফের সাইবার হামলার কবলে এফবিআই, নিশানায় অপরাধীদের তথ্যভাণ্ডার

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই-এর তথ্যভাণ্ডারে ফের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এবার হ্যাকারদের নিশানায় পড়েছে এফবিআই-এর ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার বা এনসিআইসি। এই তথ্যভাণ্ডারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অপরাধীদের রেকর্ড, গ্রেপ্তারি পরোয়ানা এবং অতীত ইতিহাস সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে। এফবিআই-এর ক্রিমিনাল জাস্টিস ইনফরমেশন সার্ভিসেস ডিভিশন এই এনসিআইসি পরিচালনা করে থাকে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, হ্যাকাররা এই গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশ করেছে কি না এবং কোনো তথ্য চুরি বা পরিবর্তন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এনসিআইসি মূলত যুক্তরাষ্ট্রীয় ও স্থানীয় সংস্থাগুলোর মধ্যে তথ্য আদানপ্রদানের প্রধান মাধ্যম। এখানে পলাতক আসামি, নিখোঁজ ব্যক্তি, চুরি যাওয়া গাড়ি এবং আদালতের সুরক্ষাবিধি সংক্রান্ত নথি জমা থাকে। এছাড়া অপরাধের শিকার হওয়া সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যও এখানে সংরক্ষিত থাকায় এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, গত দু’মাসের ব্যবধানে এটি এফবিআই-এর সিস্টেমে দ্বিতীয় সাইবার হামলার ঘটনা। এর আগে সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামক একটি হ্যাকার গোষ্ঠী এফবিআই-এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে হানা দিয়ে কর্মীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিল। এছাড়া ২০২৩ সালেও নিউ ইয়র্ক ফিল্ড অফিসের সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছিল। বারবার গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বলয় ভেঙে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বর্তমানে তদন্তকারীরা এই ঘটনার উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *