অনলাইন বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ফেয়ারনেস ক্রিমের ব্যবহার, কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কেরলের মালাপ্পুরমের এক ১৭ বছরের কিশোরী ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ব্রণ ও পিগমেন্টেশন দূর করার প্রতিশ্রুতি দেখে ওই কিশোরী প্রায় এক বছর ধরে নিয়মিত ক্রিমটি ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে তাঁর রক্তচাপ কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং পা ফুলে যাওয়ার মতো শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নেফ্রোলজিস্ট ডাঃ গৌরী এস জানিয়েছেন, পরীক্ষার পর কিশোরীর শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, ওই ক্রিমে ১২,৫০০ পিপিএম পারদ রয়েছে, যেখানে অনুমোদিত নিরাপদ মাত্রা ১ পিপিএম-এরও কম। অতিরিক্ত পারদের প্রভাবে কিশোরীর কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক গুরুতর রোগ ধরা পড়েছে।
ভুক্তভোগী কিশোরীর পরিবার জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি জানানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। এই ঘটনার পর ওই সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি। আইনি প্রক্রিয়ার স্বার্থে আপাতত ক্রিমটির নাম গোপন রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, রাতারাতি ফর্সা হওয়ার অবাস্তব বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে ত্বকের যেকোনো সমস্যায় সর্বদা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
