২২ নভেম্বর ব্লু লাইনে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ নভেম্বর রবিবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। এর আগে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই সূচি অনুযায়ী, ২২ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা ছিল।
তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ সেই রক্ষণাবেক্ষণের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। ফলে ওইদিন যাত্রীদের যাতায়াতে কোনো ভোগান্তির আশঙ্কা থাকছে না।
মেট্রো রেল সূত্রে খবর, ২২ নভেম্বর রবিবার ব্লু লাইনের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ অংশে সকাল ৯টা থেকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে মেট্রো চলাচল করবে। পাশাপাশি ব্লু লাইনের পাশাপাশি অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনেও প্রতিদিনের মতোই স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত থাকায় ছুটির দিনে যাত্রীরা নির্বিঘ্নে মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।
