হরিদ্বারে আইবি এসপি-কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অস্থায়ী চালক

হরিদ্বারে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) এক পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তাঁরই অস্থায়ী চালকের বিরুদ্ধে। ঘটনার সময় ওই আধিকারিক নিজের গাড়িতে বসেছিলেন। অভিযোগ, সেই সময় চালক আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি আধিকারিকের কপালের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেও তিনি সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত চালককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। হরিদ্বারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নবনীত সিং ভুল্লার জানিয়েছেন, অভিযুক্ত চালক অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি এই হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, চালকের কাছে আগ্নেয়াস্ত্রটি কীভাবে এল এবং ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বা কর্মক্ষেত্রের কোনো বিরোধ ছিল কি না। ঘটনার সময় গাড়ির ভেতরে ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
