রাজ্যে কর্মসংস্থান বাড়াতে স্টার্টআপ ও সার্ভিস সেক্টরে জোর দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর উপদেষ্টার

রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন, একসময় দেশের শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করত। ১৯৬৭ সালে দেশের মোট জিডিপির দশ ভাগের এক ভাগ আসত পশ্চিমবঙ্গ থেকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায়, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সুব্রত গুপ্তের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের বার্ষিক গড় আয় দেশের গড় আয়ের ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। আগে যা দেশের গড় আয়ের ১.২৭ গুণ ছিল, তা বর্তমানে কমে ০.৮৪ গুণে নেমে এসেছে। রাজ্যের জিডিপির অনুপাতও আগের তুলনায় হ্রাস পেয়েছে। তিনি জানান, রাজ্যে জমির সংস্থান কম হওয়ার কারণে শিল্পায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সার্ভিস সেক্টর এবং স্টার্টআপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। সুব্রত গুপ্তের মতে, সার্ভিস সেক্টর ও স্টার্টআপের মাধ্যমে কম জায়গায় অনেক বেশি উপার্জন করা সম্ভব। আইআইটি খড়গপুরসহ বিভিন্ন সংস্থার সহায়তায় এই ক্ষেত্রগুলোতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা করা হচ্ছে, যা রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
