অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি ভেন্টিলেশনে

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিসিইউ-তে চার ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। বসিরহাট হাসপাতালে নিয়ে আসার সময় তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন এবং তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। তবে ঠিক কী কারণে এই বিষক্রিয়া হলো, তা এখনও স্পষ্ট নয়।
বিধায়কের এই অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে এবং দলের অন্দরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিধায়কের পরিবারের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। জেলা নেতৃত্বও এই বিষয়ে আপাতত কোনো মন্তব্য করেনি।
