চন্দননগরে কাঁধে চেপে রেললাইন পার জগদ্ধাত্রী প্রতিমার, ৫০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

চন্দননগরে কাঁধে চেপে রেললাইন পার জগদ্ধাত্রী প্রতিমার, ৫০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের জন্য রেললাইন পার করার ঘটনায় রবিবার প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। শহরের রেল স্টেশনের পশ্চিম দিকে আয়োজিত বেশ কিছু পুজোর প্রতিমা বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে নিয়ে যেতে হয়। প্রতিমার আকার বিশাল হওয়ায় সাবওয়ের ভেতর দিয়ে তা নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে প্রতি বছরই বাধ্য হয়ে কাঁধে চাপিয়ে রেললাইন পার করে প্রতিমা নিয়ে যেতে হয় উদ্যোক্তাদের।

রবিবার সকাল ১১টা নাগাদ সুভাষপল্লি উত্তরপাড়ার পুজোর প্রতিমা নিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে নিয়ে যান পুজো কমিটির সদস্যরা। নিরাপত্তার খাতিরে এই সময় ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। রেললাইনের দুই পাশে দড়ি দিয়ে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং শেওড়াফুলি জিআরপি থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃহস্পতিবারের পরিবর্তে রবিবার বিসর্জনের শোভাযাত্রার দিন ধার্য করা হয়েছে। তবে যে সব ক্লাব শোভাযাত্রায় অংশ নেয় না, তারা রবিবার সকাল থেকেই বিসর্জন প্রক্রিয়া শুরু করে। প্রতিমা লাইন পেরিয়ে পূর্ব দিকে লরিতে ওঠার পর বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন ও পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মূল বিসর্জন শোভাযাত্রা রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এবং সোমবার প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *