ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে জিরো এফআইআর, অভিযোগ অস্বীকার ব্রাত্য বসুর

তথ্য ও সংস্কৃতি দফতরের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেন-সহ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে জিরো এফআইআর দায়ের হয়েছে। বাগুইআটি থানায় দায়ের হওয়া এই মামলায় তোলাবাজি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, তথ্য ও সংস্কৃতি দফতরের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সংগঠিত চক্র সক্রিয় ছিল।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্রাত্য বসু জানিয়েছেন, অভিযোগকারিণীকে তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে কখনও কথা হয়নি। তিনি দাবি করেন, যে সময়কার ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন।
অভিযোগকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ব্রাত্য বসু বলেন, অভিযোগ জানানোর অধিকার সবার থাকলেও, অভিযোগকারীর সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত। তিনি জানান, বিচারব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। একই মামলায় নাম জড়ানো ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত আনুষ্ঠানিক ছিল বলেও তিনি দাবি করেন। বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা ব্রাত্য বসু এই ঘটনার পিছনে ব্যক্তিগত প্রতিহিংসার ইঙ্গিত দিয়েছেন।
