পোখরানে সফল পরীক্ষা আদানি ডিফেন্সের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ‘বাঘিরা এটি১’

পোখরানে সফল পরীক্ষা আদানি ডিফেন্সের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ‘বাঘিরা এটি১’

রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলো আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরি নতুন মিসাইল সিস্টেম ‘বাঘিরা এটি১’। গত ২০ নভেম্বর আয়োজিত এই পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী, সামরিক বিষয়ক বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্যাঙ্ক বিধ্বংসী এই মিসাইল সিস্টেমটি বিভিন্ন কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।

বাঘিরা এটি১-এর বিশেষত্ব হলো এটি দিন ও রাত উভয় সময়েই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গাড়ি থেকে সরাসরি ফায়ার করার পাশাপাশি, এই সিস্টেমটি একই পয়েন্টে দুটি মিসাইল নিক্ষেপ করে সাঁজোয়া গাড়ি ধ্বংস করার দক্ষতা দেখিয়েছে। শুধু স্থলভাগের লক্ষ্যবস্তু নয়, দূরপাল্লার আকাশপথে থাকা বস্তুকেও এটি নিশানা করতে পারে। ফায়ারিংয়ের পরেও পুরো সিস্টেমটি সম্পূর্ণ স্থিতিশীল ছিল বলে জানা গেছে।

প্রায় ১৮ মাসের দীর্ঘ নকশা ও আপগ্রেডেশনের পর এই মিসাইলটি তৈরি করা হয়েছে, যা ভারতীয় উপমহাদেশের প্রতিকূল আবহাওয়ায় ব্যবহারের উপযোগী। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী দ্বিতীয় প্রজন্মের মিলান-২টি এবং কনকোর্স-এম মিসাইল ব্যবহার করে। আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের প্রয়োজনীয়তা মেটাতে শীঘ্রই বাহিনীতে যুক্ত হতে পারে এই দেশীয় প্রযুক্তিতে তৈরি বাঘিরা এটি১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *