নবান্নের কাছে বাস দুর্ঘটনা, আহত সিভিক ভলান্টিয়ার সহ ২

সপ্তাহের প্রথম কর্মদিবসে নবান্ন চত্বরে এক পথ দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন। সাঁতরাগাছি থেকে বারাসতগামী একটি যাত্রীবাহী বাস দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারায়।
দ্রুতগতিতে থাকা বাসটি প্রথমে দুটি মোটরবাইক ও একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে। এরপর বাসটি রাস্তার ধারের একটি ট্রাফিক সিগন্যালের স্তম্ভে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় এক বাইকচালক এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার আহত হন।
খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজট তৈরি হয়। পরে ব্রেকডাউন ভ্যান এনে ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের গাফিলতি, তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনিক ভবনের কাছে এমন ঘটনায় পথচারী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
