দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ২৪ জনের মৃত্যু

দক্ষিণ সুদানের ওয়ারাপ প্রদেশে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু ও ছয় নারী রয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিবেশী ইউনিটি প্রদেশ থেকে আসা একদল সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়। প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়।
হামলায় স্থানীয় পশুপালক ও সাধারণ বাসিন্দারাও শিকার হয়েছেন। পাল্টা প্রতিরোধে চার হামলাকারীও নিহত হয়েছেন। ওয়ারাপ প্রদেশের ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ অভিযোগ করেছেন যে, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্যরা এই হামলার পেছনে জড়িত। স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার প্রকৃত কারণ ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসন একটি তদন্তকারী দল পাঠাচ্ছে। আহতদের অবস্থা ও উদ্ধারকাজ বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ারাপ প্রদেশে গোষ্ঠী সংঘর্ষ, গবাদি পশু লুট ও জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। গত সপ্তাহে মাকুয়াচ শহরের একটি বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছিল এবং ২৩ জন আহত হয়েছিলেন। অক্টোবরে ওয়ারাপ ও ইউনিটি প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষে অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছিলেন।
