ইমরান খানের স্বাস্থ্যের অবনতি, দ্রুত চিকিৎসার দাবি চিকিৎসকের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল সুলতান। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জেলবন্দি ইমরানের রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে নেই। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিলে তাঁর কিডনি, হৃদ্‌যন্ত্র এবং চোখের রেটিনার মারাত্মক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফয়সলের মতে, এই ধরনের রক্তচাপের সমস্যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর আগে ইমরান খান নিজে এবং তাঁর স্ত্রী বুশরা বিবি শারীরিক অবস্থার অবনতি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লিখেছিলেন। ইমরানের আইনজীবী সলমন সফদর সেই চিঠি প্রকাশ্যে আনেন। চিঠিতে ইমরান দাবি করেছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

পাশাপাশি, জেলবন্দি বুশরা বিবির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন পিটিআই প্রধান। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তোষাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান এবং তাঁর স্ত্রীর করা আবেদন বর্তমানে ইসলামাবাদ হাই কোর্টে বিচারাধীন।

এর আগে তোষাখানা-১ মামলাসহ একাধিক মামলায় তাঁর সাজা স্থগিত হলেও, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মতো একাধিক মামলা এখনও তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে। জেলবন্দি অবস্থায় নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করে দ্রুত চিকিৎসার আর্জি জানিয়েছেন প্রাক্তন এই পাক প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *