বালুরঘাট-মায়াপুর রুটে নতুন বাস, মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ

বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত নতুন বাস পরিষেবার উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। এই রুটে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে বালুরঘাট থেকে বাসটি ছেড়ে ২১টি স্টপেজ পেরিয়ে বিকেল ৫টার মধ্যে মায়াপুরে পৌঁছাবে। পরদিন সকাল ৭টায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশে রওনা দেবে। যাত্রীপিছু ভাড়া ২৬৫ টাকা ধার্য করা হয়েছে। বিধায়ক জানিয়েছেন, মহিলারা তাঁদের অরিজিনাল আধার কার্ড দেখিয়ে এই বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা মহিলা তীর্থযাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা এই সরাসরি বাস পরিষেবার মাধ্যমে মিটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক বিদ্যুৎ কুমার রায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, রাজ্য সরকার নতুন করে এক হাজার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৪৩৫টি বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে। পরিবেশ দূষণ কমাতে সিএনজি চালিত বাসের ব্যবহারের ওপরও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে নতুন বাস নামিয়ে রাজ্যের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
