ধর্মতলার হোটেলে জার্মান পর্যটকের দেহ উদ্ধার, তদন্তে লালবাজার

কলকাতার ধর্মতলার একটি হোটেল থেকে ৬৭ বছর বয়সী এক জার্মান নাগরিকের দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ নিউ মার্কেট থানা এলাকার ওই হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে পুলিশ তাঁর নিথর দেহ উদ্ধার করে।
খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় ভারতে আসা ওই পর্যটক দিল্লি ও বারাণসী ঘুরে গত ২১ নভেম্বর কলকাতায় এসেছিলেন। হোটেল সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল।
রবিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সোমবার একটি ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নজরে আসে। এরপর হোটেল কর্মীরা ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানা ও লালবাজারের হোমিসাইড শাখা।
