অযোধ্যা-জনকপুর ট্রেন চালু, নেপাল ছাড়া রাম অসম্পূর্ণ: মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভারত সফর।
বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন, পরিকাঠামো, শক্তি এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক মহলের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও নিবিড় ও শক্তিশালী করবে।
যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ভারত ও নেপালের ঐতিহাসিক ও আত্মিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি ২০১৮ সালের জনকপুর সফরের স্মৃতিচারণ করে বলেন, নেপাল ছাড়া ভারতের পবিত্র তীর্থস্থান এবং ভগবান রামের জীবনকাহিনি অসম্পূর্ণ। রাম ও সীতাকে দুই দেশের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি।
সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটনকে গতিশীল করতে এই সফরে অযোধ্যা ও জনকপুরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবার সূচনা করা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভারতের বিশেষ বন্ধুত্বের বার্তা দেন। এই সফর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক নৈকট্যকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
