হাওড়া পুরসভা: ভোট ঘোষণা নিয়ে কমিশনকে সতর্ক করল হাই কোর্ট

হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চে এই মামলার শুনানি হয়।
আদালত হাওড়া পুরসভার ভোট ঘোষণার ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে স্পষ্ট জানিয়েছে যে, পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়, তবুও মামলার চূড়ান্ত রায়ের ওপরই ভোটের ভবিষ্যৎ নির্ভর করবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও আদালতের নির্দেশ কমিশনকে মেনে চলতে হবে।
সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়েছে। এই পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি বলে অভিযোগ তুলেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। তাঁর দাবি, সঠিক নিয়ম না মানায় হাওড়া পুরসভায় আইনি জটিলতা তৈরি হয়েছে।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার প্রসঙ্গ টেনে তিনি এই আইনি লড়াই শুরু করেছেন। উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া নিয়েও হাই কোর্টে মামলা চলছে। সেই মামলায় কলকাতা হাই কোর্ট ভোট ঘোষণার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল, যা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
হাওড়া পুরসভার ক্ষেত্রেও একই ধরনের আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
