ভারতে ৫৪ লক্ষাধিক পোস্ট ও অ্যাকাউন্ট নিষিদ্ধ করল মেটা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। সংস্থাটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে স্থানীয় আইনের আওতায় প্রায় ৫৪ লক্ষেরও বেশি পোস্ট ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মেটার ট্রান্সপারেন্সি ডেটা অনুযায়ী, নিষিদ্ধ করা কনটেন্টের সিংহভাগই স্থানীয় আইনের অধীনে সংস্থাটি নিজে থেকে সরিয়ে ফেলেছে। এই তালিকায় ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মেটার তথ্য অনুযায়ী, ভারতে ফেসবুক থেকে প্রায় ২৮.২২ লক্ষ এবং ইনস্টাগ্রাম থেকে প্রায় ২৬.১৬ লক্ষ কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া থ্রেডস প্ল্যাটফর্মেও ২০ হাজারেরও বেশি কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পরিবর্তিত আইটি নিয়ম বা ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড এই বিপুল পদক্ষেপের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পুলিশ আধিকারিকরা কোনো কনটেন্টকে বেআইনি মনে করলে তা সরানোর নির্দেশ দিতে পারেন। এর জন্য কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি প্রক্রিয়ার প্রয়োজন নেই। ফলে কনটেন্ট যাচাইয়ের জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো এখন অনেক কম সময় পাচ্ছে। ২০২৫ সালে যেখানে প্রায় ৭০ হাজার পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেখানে ২০২৬ সালের প্রথমার্ধে এই সংখ্যা ৫৪ লক্ষে পৌঁছানোয় ভারতে কনটেন্ট সরানোর প্রক্রিয়ায় গতি আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।
