হোয়াটসঅ্যাপে আসছে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট ফিচার, স্ক্রিনশট নেওয়া যাবে না

ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ নামের এই ফিচারের মাধ্যমে পাঠানো বার্তা প্রাপক একবারই দেখতে পারবেন।
বর্তমানে ফিচারটি উন্নয়নের পর্যায়ে থাকলেও, আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। এই সুবিধা অনুযায়ী, বার্তা পাঠানোর সময় ব্যবহারকারী ‘ভিউ ওয়ান্স’ বিকল্পটি বেছে নিতে পারবেন। প্রাপকের চ্যাটে বার্তাটি সরাসরি দেখা না গিয়ে একটি নির্দিষ্ট লেখা হিসেবে প্রদর্শিত হবে। সেই লেখায় ক্লিক করলে একটি আলাদা উইন্ডো খুলবে, যেখানে বার্তাটি একবার পড়া যাবে।
এই উইন্ডোতে স্ক্রিনশট নেওয়ার সুবিধাটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে, ফলে বার্তাটি সংরক্ষণ করা কঠিন হবে। তবে অন্য কোনো ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে স্ক্রিনের ছবি তুলে রাখা সম্ভব, তাই এই ফিচারটি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না।
বর্তমানে ফিচারটি কেবল বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। সব সাধারণ ব্যবহারকারীর জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
