বাসন্তীতে আদিবাসী কিশোরী অপহরণ ও খুন: তিন দোষী সাব্যস্ত

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চুনাখালি গ্রামের এক ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীকে অপহরণ ও খুনের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন দীপেন কয়াল, বুদ্ধদেব সর্দার ও প্রতীক সর্দার। আগামী ২৫ নভেম্বর তাদের সাজা ঘোষণা করা হবে।
২০২৫ সালের ৯ জানুয়ারি কিশোরীটি নিখোঁজ হয়। ১২ জানুয়ারি তার বাবা বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২০ জানুয়ারি এক অভিযুক্তের আত্মীয়ের বাড়ির পিছনের ধানের জমি থেকে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে জানা যায়, বুদ্ধদেব কিশোরীকে পছন্দ করত, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ায় সে খুনের পরিকল্পনা করে। খুনের আগে বুদ্ধদেব মোবাইল ফোনে খুনের পদ্ধতি সম্পর্কে সার্চ করেছিল। ঘটনার দিন দীপেন কিশোরীর মুখ চেপে ধরে, বুদ্ধদেব ব্লেড দিয়ে তার গলা কাটে এবং প্রতীক পাহারায় ছিল। খুনের পর দেহটি প্লাস্টিকে মুড়ে প্রথমে একটি পরিত্যক্ত বাড়ির পিছনে রাখা হয় এবং পরে ধানের জমিতে পুঁতে দেওয়া হয়।
সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, অভিযুক্তরা নিখোঁজ থাকার সময় কিশোরীর বাবা-মায়ের সঙ্গে তাকে খোঁজার নাটক করেছিল। পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে এই খুনের রহস্য উন্মোচন করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
