স্কুলে সহপাঠীর কটাক্ষ, চড় মেরেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী

সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রেক্ষাপটে তৈরি একটি ভিডিওতে ১৯৭৭ সালের নির্বাচনের পরের সময়ের স্মৃতিচারণ করেছেন প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী। সেই সময় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে তাঁদের পারিবারিক জীবনে যে প্রভাব পড়েছিল, তা এই কথোপকথনে উঠে এসেছে।

প্রিয়ঙ্কা জানান, নির্বাচনের ফল প্রকাশের পর তাঁদের পরিবার অন্য একটি বাড়িতে চলে গিয়েছিল এবং সেই সময় চারদিকে এক থমথমে ও চাপা উত্তেজনা বিরাজ করছিল। স্কুলে যাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রিয়ঙ্কা জানান, সেই সময় ‘কিস্সা কুরসি কা’ মামলায় সঞ্জয় গান্ধী জেলে ছিলেন। এই প্রসঙ্গ টেনে স্কুলের এক সহপাঠী তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেছিল, ‘তোর কাকা জেলে আছে, তোর কাকা চোর’।

এই অপমানজনক মন্তব্য শোনার পরই প্রিয়ঙ্কা রাগের মাথায় ওই সহপাঠীকে সপাটে চড় মারেন। প্রিয়ঙ্কার এই আচরণের পর ওই সহপাঠী কাঁদতে শুরু করে এবং নিয়ম অনুযায়ী প্রিয়ঙ্কাকে শিক্ষকের কাছে গিয়ে বকুনিও খেতে হয়। মা সনিয়া গান্ধীর সঙ্গে এই অন্তরঙ্গ কথোপকথনে ১৯৭৭ সালের নির্বাচনের পরবর্তী সেই কঠিন সময় এবং সামাজিক অভিজ্ঞতার অজানা দিকগুলোই নতুন করে প্রকাশ্যে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *