জেলবন্দি বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

জেলবন্দি তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় এই ঘটনা ঘটেছিল।

অভিযোগ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চাওয়ায় বিধায়ক ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন এবং পরে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এই ঘটনায় বিধায়ক সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নভেম্বরের শুরুতে একটি ধর্ষণ মামলায় কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সময় তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে সেই ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিধায়কের গ্রেফতারির সময় নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। কুণাল ঘোষের দাবি ছিল, বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চাওয়ার পরই পুলিশ তৎপর হয়েছে। গ্রেফতারির পর বিধায়ক দাবি করেছিলেন, তাঁকে ঠিক কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানেন না। তবে নতুন করে গণধর্ষণের অভিযোগ সামনে আসায় তাঁর আইনি জটিলতা আরও বাড়ল। এখন পুলিশ এই নতুন অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *