চিনের মহাকাশযানে মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি দিলেন বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার ভারতীয় সময় ভোর ৫টা ৪৮ মিনিটে চিনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ ২এফ’ রকেটে চেপে তিনি চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেনঝো-২৪ মহাকাশযানে জিশান আলীর সঙ্গে রয়েছেন দুই চিনা নভোচারী তাং হংবো এবং উ ই। রকেটটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করার পর চিনা কর্মকর্তারা এই উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল ঘোষণা করেন।

জিশান আলী প্রায় এক সপ্তাহ তিয়ানগং-এ অবস্থান করে মাইক্রোগ্রাভিটিতে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এর আগে ২০২৩ সালে নামিরা সালিম বাণিজ্যিক ফ্লাইটে মহাকাশের সীমানায় পৌঁছালেও, জিশান আলীই প্রথম পাকিস্তানি যিনি সরকারি পৃষ্ঠপোষকতায় মহাকাশ স্টেশনে কাজ করার সুযোগ পেলেন।

২০২৫ সাল থেকে চিনে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তিনি মহাকাশযান পরিচালনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল রপ্ত করেছেন। তিয়ানগং মহাকাশ স্টেশন নির্মাণের পর এই প্রথম কোনো বিদেশি নভোচারীকে সেখানে স্বাগত জানাল চিন। এটি পাকিস্তান ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে দুই দেশের ক্রমবর্ধমান মহাকাশ অংশীদারিত্বের এক দৃষ্টান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *