ফাওয়াদ খানের নতুন সিরিজ আটকাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। আগামী ৪ ডিসেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ভারতে এর প্রদর্শন আটকাতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আর্জি জানিয়েছে।
সাহিত্যিক ফরহত ইশতিয়াকের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ফাওয়াদ ও মাহিরা ছাড়াও আহাদ রজা মির, হানিয়া আমির, সনম সইদ, ইকরা আজিজ, হামজা আলি আব্বাস, মায়া আলি, আমিনা শেখ এবং ওমের রানার মতো তারকারা এতে অভিনয় করেছেন। গত ২৪ নভেম্বর ট্রেলার ও ছয়টি অরিজিনাল সাউন্ড ট্র্যাক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
রোমে বসবাসকারী আইনজীবী সিকন্দরের জীবন থেকে শুরু করে মেহমুদ ও লিজার মতো চরিত্রগুলোর মাধ্যমে কাহিনি এগিয়েছে। গার্হস্থ্য হিংসার মতো সংবেদনশীল বিষয়ও এই সিরিজের গল্পে উঠে এসেছে। সিরিজটি ভারতে মুক্তি পাবে কি না, তা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আপত্তির প্রেক্ষিতে নেটফ্লিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, প্রশাসনিক স্তরে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না।
