বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই মজুরি প্রায় ১৩৯ মার্কিন ডলারের সমান। খাদ্যদ্রব্য, বাড়িভাড়া ও চিকিৎসা খরচের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা দীর্ঘ দিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। শ্রমিকরা শুরুতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানালেও, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর ১৭ হাজার টাকায় সমঝোতা হয়েছে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, এই সিদ্ধান্তে তারা পুরোপুরি সন্তুষ্ট না হলেও, পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মাথায় নতুন মজুরি কাঠামো পাওয়ায় এটিকে ইতিবাচক বলে মনে করছেন। তিনি আন্দোলনরত শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই শিল্প। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনের ফলে প্রায় ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। নতুন মজুরি ঘোষণার মাধ্যমে শিল্পাঞ্চলের অস্থিরতা কেটে উৎপাদন পুরোদমে ফিরবে বলে আশা করা হচ্ছে।
