অমিতাভ বচ্চনের বাংলোয় ফের বোমার হুমকি, তদন্তে পুলিশ

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’ সহ মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে গ্রেনেড ও আইইডি হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে একটি ইমেলের মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয়।
ইমেলটিতে অমিতাভ বচ্চনের বাংলো ছাড়াও মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ের কার্যালয় এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। খবর পাওয়ার পরপরই মুম্বাই পুলিশ এবং বোম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) নিরাপত্তা দল সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌঁছে তল্লাশি চালায়। বোমা ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) উল্লিখিত স্থানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছে।
এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি। কর্তৃপক্ষ ইমেলটির উৎস এবং এর সত্যতা যাচাই করার জন্য তদন্ত শুরু করেছে। গত অক্টোবর মাস থেকে অমিতাভ বচ্চনের বাসভবনকে লক্ষ্য করে এটি চতুর্থবারের মতো বোমার হুমকি। এর আগে ৬ নভেম্বর বিএমসি অফিসে এবং ১২ নভেম্বর মুম্বাই বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নাম উল্লেখ করে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনো অশুভ সংকেত পাওয়া যায়নি। মুম্বাই পুলিশ এই হুমকিগুলোর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে।
