কোচবিহারে চিকিৎসা বিভ্রাট: গর্ভবতী বলে নথিভুক্ত, আল্ট্রাসোনোগ্রাফিতে নেগেটিভ

কোচবিহারের হলদিবাড়িতে এক নজিরবিহীন চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উঠেছে। হলদিবাড়ি ব্লকের ৪২ বছর বয়সি কনিকা বণিক সরকার জুলাই মাসে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রেগন্যান্সি টেস্ট করান। সেই রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে গর্ভবতী বলে নিশ্চিত করা হয়।
এরপর সরকারি নিয়ম মেনে হলদিবাড়ি পুরসভার হেলথ সাব-সেন্টারে তাঁর নাম নথিভুক্ত হয় এবং তিনি মাতৃত্বকালীন কার্ডসহ সরকারি সুযোগ-সুবিধা পেতে শুরু করেন। পরিবারে খুশির পরিবেশ তৈরি হলেও তিন মাস পর বিপত্তি ঘটে।
নিয়ম অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাফি করালে একটি বেসরকারি ক্লিনিকে দেখা যায়, কনিকা দেবী গর্ভবতী নন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল ও একজন বেসরকারি স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করানো হলেও রিপোর্ট নেগেটিভ আসে।
পরপর দুবার নেগেটিভ রিপোর্ট আসায় নিঃসন্তান দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সরকারি হাসপাতালের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ অথচ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নেগেটিভ আসায় স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
হলদিবাড়ি হাসপাতালের হেলথ অফিসার ডাঃ মহম্মদ সমসাগস জানিয়েছেন, প্রেগন্যান্সি পরীক্ষার কিটে ত্রুটি থাকলে এমন বিভ্রাট হওয়া সম্ভব। তবে এই ঘটনার নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ভুক্তভোগী পরিবার ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার দাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
