মিশরে ট্যাঙ্কার বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু, সরকারের পদত্যাগের দাবি

মিশরের রাজধানী কায়রোর রিং রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারলে সেটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি তথ্য অনুযায়ী, মিশরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনক। গত বছর ৫,৮২৯ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের চেয়ে ১০.৮ শতাংশ বেশি। এই মর্মান্তিক ঘটনার পর সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। আইন প্রণেতারা মন্ত্রিসভার পদত্যাগ ও ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহির দাবি তুলেছেন।
লিবারেল জাস্টিস পার্টির চেয়ারম্যান আবদেল মোনেইম ইমামসহ অনেকে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা মন্তব্য করেছেন যে, তদারকি ও অনুসরণের ব্যবস্থায় মারাত্মক অবনতি ঘটেছে, যা বারবার বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
মিশর সরকার গত কয়েক বছরে নতুন মহাসড়ক ও সেতু নির্মাণে বিপুল বিনিয়োগ করলেও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবহন মন্ত্রী কামেল আল ওয়াজির ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর অবকাঠামোগত উন্নয়নে জোর দিলেও দুর্ঘটনা ঘটছে। এর আগে ট্রেন দুর্ঘটনা ও লরি-মিনিবাস সংঘর্ষের মতো ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। পরিবহন মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও, এই বিপর্যয়ের দায়ভার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
