আইবিএমের ওয়ার্ক ভিসা, গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ: অনিশ্চয়তায় হাজার হাজার কর্মী

প্রযুক্তি সংস্থা আইবিএম আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার ঘোষণা করেছে। এর ফলে এইচ-১বি ভিসায় কর্মরত এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা হাজার হাজার কর্মী, বিশেষ করে ভারতীয় প্রযুক্তিবিদদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রভাবিত কর্মীদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে হয় অন্য দেশে স্থানান্তরিত হতে হবে, নতুবা চাকরি ছাড়তে হবে। সংস্থা কর্মীদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহের সময় দিয়েছে। যারা অন্য দেশে যেতে রাজি হবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
আইবিএমের দাবি, ব্যবসার পরিবর্তিত চাহিদা এবং দক্ষ কর্মী পাওয়ার সহজলভ্যতার কারণেই এই সিদ্ধান্ত। বিগত কয়েক বছর ধরেই হাই-স্কিলড ভিসা প্রোগ্রামে সংস্থার অংশগ্রহণ কমছিল। তবে সব বিভাগে এই নিয়ম কার্যকর হচ্ছে না।
এই সিদ্ধান্তে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। গত ১৯ নভেম্বর পর্যন্ত আইবিএমের ক্যারিয়ার পোর্টালে আমেরিকার বাইরে ১,২৭৮টি কনসালটিং পদ খালি ছিল, যার মধ্যে ১,১২৫টি পদই ভারতের। ট্রাম্প প্রশাসনের কঠোর এইচ-১বি নীতি এবং ভিসা সংক্রান্ত নতুন নিয়মের আবহে আইবিএমের এই পদক্ষেপ ভারতীয় আইটি সেক্টরে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
