পাকিস্তানি সিরিজ ‘দার-এ-নিজ়াত’ ভারতে জনপ্রিয়, বিতর্কও

পাকিস্তানের টেলিভিশন সিরিজ ‘দার-এ-নিজ়াত’ ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। গত ১ অগস্ট এআরওয়াই ডিজিটালে সম্প্রচার শুরু হওয়ার পর থেকে সিরিজটি সোশ্যাল মিডিয়ায় ১.৭ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
মেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় এই সিরিজে দুর-ই-ফিশান সলিম ও শেহরিয়ার মুনাওয়ার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। জারিয়াব নামের এক তরুণীর প্রেমিকের বিশ্বাসঘাতকতার পর নতুন জীবন শুরুর লড়াই এবং আবু বকরের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ দর্শকদের আকৃষ্ট করেছে।
এই সিরিজের জনপ্রিয়তা ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়িয়ে ক্যাফে ও বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পর্যন্ত পৌঁছেছে। দিল্লির বিভিন্ন ক্যাফেতে ‘ওয়াচ পার্টি’র আয়োজন করা হয়েছে। ২১ নভেম্বর দিল্লির ক্যাফে ওতেঙ্গাতে আয়োজিত স্ক্রিনিংয়ে বিপুল দর্শক সমাগম হওয়ায় আয়োজকদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়। একইভাবে ঢাকার ১০ থেকে ১২টি ক্যাফেতেও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তবে এই জনপ্রিয়তার পাশাপাশি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবও পড়েছে। সমালোচনা ও পুলিশের নজরদারির কারণে বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বরের দুটি নির্ধারিত স্ক্রিনিং বাতিল করা হয়েছে। রাজনৈতিক জটিলতা সত্ত্বেও, সিরিজটির বিষয়বস্তু ও অভিনয়শৈলী দুই দেশের দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
