ডিলিমিটেশন বিল: মোদী সরকারের সঙ্গে পওয়ারের দলের দর কষাকষি

ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে। সূত্রের খবর, এই বিলে সমর্থনের বিনিময়ে এনসিপি (এসপি) কেন্দ্রীয় মন্ত্রিসভায় শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে ক্যাবিনেট মন্ত্রীর পদ দাবি করেছে। একইসঙ্গে মহারাষ্ট্রের মহাযুতি সরকারে অর্থমন্ত্রক-সহ দুটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রীর পদও চেয়েছে দলটি।
এই জল্পনা ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। গত এপ্রিলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে এই বিল পাশ করানো যায়নি। তাই এনসিপি (এসপি)-র আটজন লোকসভা সাংসদের সমর্থন সরকারের কাছে গুরুত্বপূর্ণ।
দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, প্রতিটি রাজ্যে লোকসভা আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়ানো এবং আগামী ২৫ বছর রাজ্যগুলির প্রতিনিধিত্বের অনুপাত অপরিবর্তিত রাখার শর্ত পূরণ হলে তারা বিলটিকে সমর্থন করতে পারে। শরদ পওয়ারের দলের এই অবস্থান বিরোধী জোটের অন্দরে নতুন করে মতপার্থক্য তৈরি করতে পারে। বিশেষ করে কংগ্রেস যখন এই বিলের বিরোধিতায় অনড়, তখন পওয়ারের এই শর্তসাপেক্ষ সমর্থনের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই ক্ষমতার ভাগ নিয়ে দর কষাকষি চলছে। সুপ্রিয়া সুলের আসন্ন বিরোধী বৈঠকে অনুপস্থিত থাকা নিয়েও জল্পনা তৈরি হয়েছে, যদিও ব্যক্তিগত কারণের কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
