ফ্লোরিডাগামী ক্রুজে নোরোভাইরাসের প্রকোপ, অসুস্থ ২৬৮ জন

ফ্লোরিডাগামী ক্যারিবিয়ান প্রিন্সেস ক্রুজ জাহাজে নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, ১২ দিনের সমুদ্রযাত্রা শেষে ২৩ নভেম্বর ফোর্ট লডারডেলে ফেরার পর মোট ২৬৮ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে ২৩৩ জন যাত্রী এবং ৩৫ জন ক্রু সদস্য রয়েছেন। জাহাজটিতে মোট ২,৯৩৬ জন যাত্রী এবং ১,১৩২ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ৭.৯ শতাংশ এবং ক্রু সদস্যদের মধ্যে ৩.১ শতাংশ আক্রান্ত হয়েছেন। গত ১৫ নভেম্বর সিডিসির ভেসেল স্যানিটেশন প্রোগ্রামে প্রথম এই অসুস্থতার বিষয়টি রিপোর্ট করা হয় এবং নোরোভাইরাসকে সংক্রমণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রিন্সেস ক্রুজ কর্তৃপক্ষ জাহাজে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া জোরদার করেছে। অসুস্থদের থেকে মলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছিল। সিডিসি জানিয়েছে, এই ২৬৮টি ঘটনা ১১ থেকে ২৩ নভেম্বরের পুরো সমুদ্রযাত্রার সময়ের এবং আক্রান্তরা সবাই একই সময়ে অসুস্থ হননি।

নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস যা সরাসরি সংস্পর্শ, দূষিত খাবার বা পানীয় এবং দূষিত পৃষ্ঠের মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণগুলো হলো বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর ও মাথাব্যথা। সাধারণত এক্সপোজারের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লক্ষণ প্রকাশ পায়। যাত্রীদের ঘন ঘন হাত ধোয়ার এবং অসুস্থ বোধ করলে দ্রুত জাহাজের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *