ইসরায়েল-বিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি, শুরু অভ্যন্তরীণ তদন্ত

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি তাদের চ্যানেল থেকে একটি বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। এই বিজ্ঞাপনটিতে মার্কিন-ইসরায়েল নীতির সমালোচনা করা হয়েছিল, যা সম্প্রচারের পর তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
বিভিন্ন ইহুদি সংগঠন বিজ্ঞাপনটিকে ইহুদি বিদ্বেষমূলক আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। অ্যান্টি-ডিফেমেশন লীগ, বি’নাই বি’রিথ ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলের মতো সংগঠনগুলো অভিযোগ করে যে, বিজ্ঞাপনটি ইসরায়েলকে অন্যায়ভাবে চিত্রিত করেছে এবং হামাসের প্রচারণার প্রতিধ্বনি করেছে। তাদের মতে, এটি ইহুদি বিদ্বেষ উসকে দিতে পারে।
সমালোচকদের দাবি, এনবিসি এই বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ইসরায়েল-বিরোধী প্রচারণায় মদত দিয়েছে। নেটওয়ার্কের সিনিয়র ম্যানেজমেন্ট জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে তাদের যথাযথ পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। এনবিসিইউনিভার্সাল কর্তৃপক্ষ এখন তাদের অভ্যন্তরীণ অনুমোদন পদ্ধতি মূল্যায়ন করছে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। নেটওয়ার্কটি নিশ্চিত করেছে, বিজ্ঞাপনটি আর সম্প্রচার করা হবে না।
অন্যদিকে, বিজ্ঞাপনটির নির্মাতা আইএমইইউ পলিসি প্রজেক্ট তাদের অবস্থান রক্ষা করে বলেছে, এর উদ্দেশ্য ছিল গাজা যুদ্ধের মানবিক পরিণতি তুলে ধরা এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা প্রদানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা। তবে চাপের মুখে এনবিসি বাণিজ্যিক সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।
