মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় আটক ১১ বাংলাদেশি

মুর্শিদাবাদের লালগোলা এবং উত্তর ২৪ পরগনার নিমতা থেকে মোট ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

লালগোলা থানার পুলিশ পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে। ধৃতরা হলেন পিয়ারুল ইসলাম, আতিক হোসেন, মহম্মদ আল মামোন আলি, এনামুল হক, মহম্মদ আতিক হাসান, মহম্মদ মমিনুল ইসলাম, মহম্মদ আব্দুল হাই ও মহম্মদ জসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের জন্য তামিলনাড়ু গিয়েছিলেন এবং ফেরার পথে ধরা পড়েন। তাদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, নিমতা থানা এলাকার ফিঙ্গাপাড়া থেকে লিয়াকত আলী মোল্লা, নার্গিস বিবি ও হুমায়ুন কবির মোল্লা নামে আরও তিনজনকে আটক করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের নাচুনিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তথ্য যাচাইয়ের সময় তাদের নথিপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি পরিচয় স্বীকার করেন এবং তাদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের বসিরহাটের একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রশাসন জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এই ১১ জনকে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তারা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *