EMI মিস হলেই আর লক হবে না ফোন! রিজার্ভ ব্যাংকের কড়া নিয়মে স্বস্তি গ্রাহকদের – এবেলা

এবেলা ডেস্কঃ
স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব ইএমআই-তে কেনার পর কোনো মাসে কিস্তি মিস হলেই ডিভাইস লক করে দিচ্ছে ব্যাংক বা ফাইন্যান্স সংস্থাগুলো? এই ধরনের প্রবণতা বন্ধ করতে এবার কঠোর পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নয়া গাইডলাইনে ঋণগ্রহীতাদের বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন গাইডলাইনের মূল পয়েন্টগুলো এক নজরে:
যত্রতত্র লক করা যাবে না: কেবল যে ডিভাইসটি কেনার জন্য ঋণ নেওয়া হয়েছে, শুধুমাত্র সেই ডিভাইসের ওপরেই প্রযুক্তিগত বিধিনিষেধ প্রয়োগ করা যাবে। পার্সোনাল লোন বা অন্য কোনো ঋণের বকেয়ার জন্য আপনার ব্যবহৃত ফোন লক করা সম্পূর্ণ বেআইনি।
১টি EMI মিস হলেই পদক্ষেপ নয়: বকেয়া (Overdue) ৩০ দিন অতিক্রম করলে তবেই আংশিক পরিষেবা নিয়ন্ত্রণ করা যাবে। প্রথম ইএমআই মিস হলেই সাথে সাথে ফোন লক করা যাবে না।
সম্পূর্ণ লকের নিয়ম (৬০ দিন): পর পর ৬০ দিন বা তার বেশি ইএমআই বকেয়া থাকলে তবেই ফাইন্যান্স সংস্থা ফোন বা ল্যাপটপ সম্পূর্ণ দূর থেকে (Remotely) লক করতে পারবে। অর্থাৎ গ্রাহকরা বকেয়া মেটানোর জন্য পর্যাপ্ত সময় পাবেন।
জরুরি পরিষেবা বন্ধ নয়: ইএমআই বকেয়া থাকলেও ফোনের ইনকামিং কল, এসএমএস (SMS) এবং জরুরিকালীন পরিষেবা বা SOS ফাংশন কোনোভাবেই বন্ধ করা যাবে না।
ক্ষতিপূরণের নিয়ম: বকেয়া টাকা শোধ করার সাথে সাথেই ডিভাইসের লক তুলে নিতে হবে। টাকা মেটানোর পরও যদি ফাইন্যান্স সংস্থার গাফিলতিতে গ্রাহক ফোন ব্যবহারে সমস্যায় পড়েন, তবে সংশ্লিষ্ট ব্যাংক বা ফাইন্যান্স কো ম্পা নিকে উল্টে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে।
ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলোর রিকভারি এজেন্টদের বাড়াবাড়ি এবং গ্রাহকদের অপমান রুখতেই আরবিআই এই নির্দেশিকা জারি করেছে।
