IIT Bombay-তে ছাত্রের আত্মহত্যা: অধ্যাপকের বিরুদ্ধে ‘জাত তুলে’ অপমানের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20267:25 am
আইআইটি বোম্বে (IIT Bombay): পরীক্ষাহলে মোবাইল ব্যবহার করে AI (ChatGPT)-র সাহায্যে টুকলি করার অভিযোগে ধরা পড়েছিলেন ২২ বছরের তরুণ সাহিল ওয়াকোড়ে। তার কয়েক ঘণ্টার মধ্যেই হস্টেলের ঘর থেকে উদ্ধার হলো তাঁর ঝুলন্ত দেহ। IIT Bombay-র এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এখন উত্তাল পুরো ক্যাম্পাস।
ঘটনায় পাওয়াই থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন মৃতের বাবা রবীন্দ্র ওয়াকোড়ে। তাঁর অভিযোগ, এনার্জি সায়েন্স বিভাগের অধ্যাপক তথা পরীক্ষার ইনভিজিলেটর সূর্যনারায়ণ দুল্লা তাঁর ছেলেকে ‘জাত তুলে’ কটূক্তি ও চরম মানসিক নির্যাতন করেছিলেন। এফআইআরে প্রফেসরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন ‘সিনিয়র আধিকারিকের’ নাম রয়েছে। পুত্রশোকে ব্যাকুল সাহিলের মায়ের দাবি, “আমার ছেলেকে প্রচুর হেনস্থা করা হয়েছে, এটি পরিকল্পিত। আমরা বিচার চাই।”
এদিকে সাহিলের মৃত্যুর খবর ছড়াতেই বিচার এবং স্বচ্ছতার দাবিতে সোচ্চার হয়েছেন ক্যাম্পাসের ৪০০-র বেশি শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, সাহিলকে ১ বছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
তবে জাতিগত বৈষম্যের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন IIT Bombay-র ডিরেক্টর অধ্যাপক শিরীষ কেদারে। কর্তৃপক্ষের দাবি, সাহিলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ধরা পড়ার পর বিভাগীয় প্রধান সাহিলের কাউন্সেলিং করেছিলেন এবং তাঁর ক্যারিয়ারে যে এর কোনো প্রভাব পড়বে না, সেই আশশ্বাসও দেওয়া হয়েছিল।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছে।
