QR কোড স্ক্যান করলেই রুট ম্যাপ ও পার্কিং! কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুলিশের ‘ডিজিটাল’ চমক – এবেলা

এবেলা ডেস্কঃ
September 9, 202612:33 pm
তারাপীঠ: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে উপচে পড়া ভিড় সামলাতে এবং পুণ্যার্থীদের যাতায়াত সুগম করতে বিশেষ উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ। পুণ্যার্থীরা যাতে সহজেই পার্কিং, প্রবেশপথ এবং নো-এন্ট্রি জোনের খোঁজ পান, সেজন্য চালু করা হয়েছে ‘অনলাইন রুট ম্যাপ’ ও QR কোড পরিষেবা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ এই ডিজিটাল ম্যাপের সূচনা করেন।
কীভাবে কাজ করবে এই পরিষেবা? তারাপীঠের বিভিন্ন পুলিশ ক্যাম্পে রাখা QR কোড বা বারকোড মোবাইলে স্ক্যান করলেই দেখা যাবে সম্পূর্ণ অনলাইন রুট ম্যাপ। গাড়ি কোথায় পার্কিং করতে হবে, কোন কোন রাস্তায় নো-এন্ট্রি থাকছে, সাধারণ ও ভিআইপিদের দর্শনের পথ কোন দিকে— সব তথ্যই পাওয়া যাবে এই ম্যাপের মাধ্যমে।
নিরাপত্তার কড়া নজরদারি: উৎসবের দিনগুলোতে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় চার হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে তৈরি করা হয়েছে:
- ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও বিশেষ প্রযুক্তিগত দল।
- সিসিটিভি এবং বিশেষ ‘ফেস রিকগনিশন’ ক্যামেরা।
- ২৬টি পুলিশ সহায়তা বুথ, একাধিক ওয়াচ টাওয়ার ও ড্রপ গেট।
- যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল।
ট্রাফিক ও গাড়ি চলাচলে বিধিনিষেধ: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা থেকেই কড়া নো-এন্ট্রি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
- যানবাহন নিয়ন্ত্রণ: মুনসুভা মোড় থেকে তারাপীঠের দিকে কোনো ভারী যানবাহন বা ব্যক্তিগত গাড়ি ঢুকতে দেওয়া হবে না। তবে নির্দিষ্ট সংখ্যক ই-রিকশা ও মিনি বাস চলাচলের ছাড় থাকবে। বীরচন্দ্রপুর ও মল্লারপুরের দিক থেকেও গাড়ি চলাচলে থাকবে বিধিনিষেধ।
- পার্কিং নিয়ম: যানজট এড়াতে নির্দিষ্ট ‘পার্কিং জোন’-এ গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- জুতোগুলো কোথায় রাখবেন: মন্দির চত্বরে ভিড় কমাতে মন্দিরের সামনে জুতো না খুলে সোনার বাংলা মোড় সংলগ্ন নির্দিষ্ট স্থানে জুতো রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশপথ: ৫০০ টাকার টিকিটধারী ভিআইপি এবং সাধারণ পুণ্যার্থী— উভয়ের জন্যই মূল প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে ২ নম্বর গেট। মন্দির চত্বরে কোনো গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত পুণ্যার্থীকে নির্দিষ্ট নিয়ম ও রুট ম্যাপ মেনে চলে পুলিশকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।
