SIR-এর খসড়া তালিকায় বড় ধাক্কা! ১২ রাজ্যে উধাও সাড়ে ১১% ‘ভোটার’ – এবেলা

এবেলা ডেস্কঃ
একযোগে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে এই পর্বেও সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে গড়ে প্রায় সাড়ে ১১ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৫৮ লক্ষ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এসআইআর প্রক্রিয়া বিভিন্ন রাজ্যে অত্যন্ত কড়াকড়ির সঙ্গে পরিচালিত হয়েছে, যার ফলে ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার ঘটনা সামনে এসেছে।
সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে অন্ধ্রপ্রদেশে। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড, যেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা ৪৩ লক্ষ ৬১ হাজার এবং শতাংশের নিরিখে এটি প্রায় ১৭ শতাংশ। এছাড়া শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে দমন ও দিউয়ে প্রায় ৩০ শতাংশ এবং অরুণাচল প্রদেশে প্রায় ২০ শতাংশ। এই পর্বে সব মিলিয়ে ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের নাম যাচাই করেছে কমিশন। এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
